চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ভারত বড় ব্যবধানে জিতেছে। ওই টেস্টে খেলা হয়েছিল লাল মাটির পিচে। কানপুরে আর লাল মাটির পিচে খেলা হবে না। ভারতীয় গণমাধ্যম বলছে, গ্রীন পার্কে কালো মাটির পিচে খেলা হবে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।
স্বাগতিক দেশের গণমাধ্যম জানাচ্ছে, ‘চিপকের লাল মাটির তুলনায় কানপুরের পিচ অনেক ফ্ল্যাট হবে, বাউন্স কম থাকবে। যেহেতু বল নিচু হয়ে আসবে, ব্যাটারদের আরও রক্ষণাত্মক হয়ে খেলতে হবে। তুলনামূলকভাবে স্পিনাররা পেসারদের চেয়ে বেশি সুবিধা পাবে।
কানপুরে স্পিন বড় অস্ত্র হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। সেক্ষেত্রে প্রথম ম্যাচের মতো তিন পেসার না খেলিয়ে একাদশের বাইরের খেলোয়াড়ের সুবিধা নিতে পারে দুদলই। ভারতের বেঞ্চ গরম করছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। বাংলাদেশের বেঞ্চে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
কানপুরে বাংলাদেশের জন্য তাইজুল ইসলাম অবধারিত পছন্দ হতে পারেন। যেহেতু পিচে বাউন্স কম থাকবে, অন্যদিকে কুলদীপ বেশি কার্যকর হবেন অক্ষরের তুলনায়। তবে ভারতীয় দল প্রথম ম্যাচে বড় জয়ের পর পরিবর্তন নিয়ে খেলার কথা বলছে না আপাতত।
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ভারত। ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মঙ্গলবার কানপুরে গেছে টিম টাইগার্স। সেখানে সিরিজের শেষ টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।









