আসাদুজ্জামান বাবুল: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতীয়দের জন্যও অনুকরণীয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ-ভারতের দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।
শুক্রবার (২ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় প্রণয় ভার্মা আরও বলেন, সামজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরণীয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করে ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা আরও বলেন, বাংলাদেশ ও ভারতে উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা চলমান থাকবে। মার্চ মাস একটি ঐতিহাসিক মাস। এই মাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন।
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী শ্রী অনিমেষ, সেকেন্ড সেক্রেটারী শ্রী বৈভব গোনদানী, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









