ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলেছিলেন ট্রাভিস হেড। তবে বাকি দুই ওয়ানডেতে তিনি খেলছেন না। এমনকি তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াড থেকেও তাকে ছেড়ে দেয়া হয়েছে।
হেডের বদলি হিসেবে কারোর নাম ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে রোববার সিডনিতে জেক ফ্রেজার-ম্যাকগার্কের রয়েছে ওয়ানডে অভিষেকের সম্ভাবনা। নিউজিল্যান্ড সফরে হেড টি-টুয়েন্টি স্কোয়াডে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মেলবোর্নে প্রথম ওয়ানডেতে অভিষেকে বল হাতে আলো ছড়ান অস্ট্রেলিয়ার পেসার জাভিয়ের বার্টলেট। ক্যারিবীয়দের বিপক্ষে ৯ ওভারে ১৭ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে তিনি বিশ্রামে থাকলেও ক্যানবেরায় তৃতীয়টিতে খেলতে পারেন।
অভিজ্ঞ জশ হ্যাজেলউড দ্বিতীয় ম্যাচের জন্য দলে ফিরেছেন। মঙ্গলবার তৃতীয় ওয়ানডের জন্য দলে যোগ দেবেন বাঁহাতি পেসার স্পেন্সার জনসন।









