এশিয়ান গেমসে অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। দেশের সবচেয়ে প্রচলিত খেলা ক্রিকেট, ফুটবল এবং হকিতে রীতিমত ভরাডুবির পর ছেলেদের কাবাডি ইভেন্টে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপপর্বে সাউথ কোরিয়াকে হারিয়েছে ৪ পয়েন্টের ব্যবধানে। ৩৯-৩৫ পয়েন্টে জিতেছে মিজানুর রহমানের দল।
তোকাই সিটিজেন জিমনেসিয়ামে ম্যাচের প্রথম থেকে দাপটে খেলে দুদল। প্রথমার্ধে সাউথ কোরিয়ার ১২ জনকে আউট করেন মিজানুররা। অন্যদিকে বাংলাদেশের ৯ জনকে আউট করে কোরিয়া। এক পয়েন্ট বেশি বোনাস পাওয়াতে ১৭-১৬ এগিয়ে শেষ করে লাল-সবুজের দলটি।
দ্বিতীয়ার্ধে নেমে আরও দাপট দেখাতে শুরু করে বাংলাদেশ। কোরিয়ার খেলোয়াড়দের ১৬ বার আউট করে, অন্যদিকে বাংলাদেশ ১৫ বার আউট হয়েছে। তবে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে শেষ করে ২২-১৯ পয়েন্টে।
গ্রুপ পর্বে সোমবার দুপুর ৩টায় চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।
এদিকে ছেলে এবং মেয়েদের হকি, মেয়েদের ক্রিকেট ও ফুটবলের সাথে রোড সাইকেলিং, ছেলেদের কারাতে, ছেলে এবং মেয়েদের টেবিল টেনিস, ছেলে ও মেয়েদের বিচ ভলিবলে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। যে ইভেন্টের একটি ম্যাচও এখনও জিতে পারেনি তারা।









