এশিয়ান গেমস হকিতে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা ভালোই হয়েছিল। হাফটাইম পর্যন্ত লিড ধরে রেখেছিল। তবে শেষ দুই কোয়ার্টারে ছন্দ হারিয়ে ৩-১ গোলে হারল লাল-সবুজের প্রতিনিধিরা।
জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র গোলটি করেছেন কনা আক্তার। মালয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন নুমাইরাহ ঝুলকিফলি, অন্য গোলটি করেছেন জাতি মুহাম্মদ।
প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি। দ্বিতীয় কোয়ার্টারে ২৫তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন কনা। ১-০তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ছন্দ হারায়। ৪০ মিনিটে নুমাইরার গোলে সমতায় ফেরে মালয়েশিয়া। চার মিনিট পর লিড এনে দেন জাতি। ২-১ গোলে এগিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করে মালয়েশিয়া।
এরপর শেষ কোয়ার্টারে ৫৯তম মিনিটে নুমাইরার দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় তারা। শেষ অবধি ৩-১ গোলে জয় পায় মালয়েশিয়া।









