গত দুই মৌসুমে মিকেল আর্তেতার অধীনে ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। আগামী বছর জুন পর্যন্ত স্পেনিয়ার্ড কোচের সঙ্গে চুক্তি থাকলেও ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জিনহো মনে করেন, লম্বা সময়ের জন্য গানার্সদের দায়িত্বে থাকা উচিত আর্তেতার।
২০১৯ সালে আর্সেনালের ডাগআউটে আসেন আর্তেতা। তার কোচিংয়ে দলটি নতুন করে জেগে উঠে। গত প্রিমিয়ার লিগে শিরোপার জন্য লড়াই করে আর্সেনাল। যদিও শেষ পর্যন্ত রানার্সআপ হয় দলটি। এবার এখন পর্যন্ত শীর্ষে আছে তারা। সম্ভাবনা জাগিয়েছে শিরোপা জয়ের। এমনকি গত ১৪ বছরে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার প্রথমবার শেষ আটে খেলার সুযোগ পেয়েছে তারা।
গত মৌসুমে আর্সেনালে যোগ দেয়া ইতালিয়ান ফুটবলার জর্জিনহো মনে করেন, ৪২ বর্ষী আর্তেতাকে ধরে রাখা উচিত আর্সেনালের। এ প্রসঙ্গে ৩২ বর্ষী ফুটবলার বলেছেন, ‘আমার মনে হয়, তার এখানে আরও অনেকদিন থাকা দরকার।’
‘এখানে তিনি ভালো অনুভব করছেন। সত্যি বলতে, আমার মনে হয় না তিনি চলে যাবেন। ক্লাবের জন্য তার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি (টেকনিক্যাল ডিরেক্টর) এডু এবং বোর্ড, পুরো ক্লাবকে সঙ্গে নিয়ে বিশেষ কিছু ছক একেঁছেন। আমি বিশ্বাস করি না, তিনি যেতে চান।’









