সারাদেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন কমিশনপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা।
আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
সেনা কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি এবং মোবাইল কোর্ট আইনের বিধান অনুযায়ী নির্বাহী আদালতে বিচারকের দায়িত্ব পালন করবেন। সাধারণত প্রশাসন ক্যাডারের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। আইন অনুযায়ী, সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব থাকবে আইনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধ প্রতিরোধ, দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা, উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, প্রোটোকল ব্যবস্থাপনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার মাধ্যমে সবক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে কাজ করবে।
এই ক্ষমতা বলে সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, অভিযুক্তের সম্পত্তি ক্রোক করা, মামলার তদন্ত এবং বিচার করতে পারবে।









