গত সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। কিংবদন্তির অবসরের পর এবার বিদায়ের ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য লিয়ান্দ্রো পারেদেস।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন ৩২ বর্ষী মিডফিল্ডার। মেসির সিদ্ধান্ত তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে নিজের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে বলছেন তিনি।
পারেদেস বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হবে। সব কিছু মিলিয়েই বিষয়টি বেশ কঠিন। আমি আগেও যা বলেছি, নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্ত… সবকিছু। পরিস্থিতি আগের মতো থাকবে কি না, জানি না। কোচের সঙ্গে এখনও কথা হয়নি। কথা বলব, এরপর কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখব।’
মেসির বিদায় মেনে নেওয়াটাও সহজ হচ্ছে না পারেদেসের জন্য। বলেছেন, ‘তার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থাকবে। কখনও হাল না ছাড়া, স্বপ্নের পেছনে ছোটা ও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করে দেখানো- এটাই তার রেখে যাওয়া শিক্ষা।’
আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আর দেখা যাবে কি না, এমন প্রশ্নে আক্ষেপও ঝরেছে পারেদেসের কণ্ঠে। বলেছেন, ‘আমরা সব সময় তার সঙ্গে খেলতে চাই, তাকে পাশে চাই। কিন্তু তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমরা চাইনি।’
বিশ্বকাপের ফাইনালের পর মেসির সঙ্গে হওয়া কথোপকথনের কথাও জানিয়েছেন পারেদেস। তার দাবি, ফাইনালটিই মেসির শেষ ম্যাচ হতে পারে, এমন ইঙ্গিত তখনই দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বলেছেন, ‘আমরা বিশ্বকাপের শেষ দিকে কথা বলেছিলাম, ফাইনালটাই হয়তো তার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু তারপরও আমরা প্রস্তুত ছিলাম না। কারণ আমাদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই।’
পারেদেসের ভবিষ্যৎ নিয়ে সংশয়ের আরেকটি কারণ তার ওপর ফিফার নিষেধাজ্ঞা। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৯০ হাজার ডলার।
এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞা বহাল থাকলে আগামী বেশ কয়েকটি ম্যাচে পারেদেসকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে। এরই মধ্যে ক্লাব ফুটবলে ফিরছেন পারেদেস। বুধবার কোপা আর্জেন্টিনার শেষ ষোলোতে তার ক্লাব বোকা জুনিয়র্স মুখোমুখি হবে ভেলেস সার্সফিল্ডের।









