বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় দেশটির ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশিদের দ্বিতীয় দলে ২৬জন আজ দেশে ফিরেছেন। এ নিয়ে ৪২ জন দেশে ফিরে এলেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর শরিফুল ইসলাম জানিয়েছেন: আগেই আমরা বিষয়টি তাদের আত্মীয়-স্বজনকে জানিয়েছিলাম। পরে তারা এসে বিমানবন্দর থেকে আরব আমিরাত থেকে ফেরাদের নিয়ে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সে দেশের সরকার। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।









