এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনাল হয়েছে রোমাঞ্চে ঠাসা। একের পর এক ভুলের পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষমেশ সুপার ওভারের লড়াই শেষে ভারতকে হারিয়ে জয় পায় বাংলাদেশ। ফাইনালে চলে গেছে টিম টাইগার্স, বিদায় নিয়েছে ভারত। সেই ম্যাচে আকবর আলীর এক ভুলে জেতা ম্যাচ হারতে বসেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেই ভুলের জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছেন আকবর।
পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েকবার ভুল করেছে বাংলাদেশ। ক্যাচ ও ফিল্ডিং মিসের কারণে ১৯৪ রানের পুঁজি নিয়েও ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যায় ভারত। যেখানে শেষ বলে ভারতের দরকার ছিল ৪ রান। তারা দুই রান নিয়ে হারের মুখে ছিল, কিন্তু আকবর আলি স্টাম্পে লাগাতে গিয়ে মিস করে বসেন। সুযোগের দারুণ ব্যবহার করে আরও এক রান নিয়ে ম্যাচ টাই করে ভারত। সুপার ওভারেও ভুল করে বাংলাদেশ। যেখানে কেবল এক রানই যথেষ্ট, সেখানে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন অভিজ্ঞ ক্রিকেটার ইয়াসির আলি রাব্বি। ফলে আবারও শঙ্কা জাগে টাইয়ের।
তবে বাংলাদেশের কাজটি করে দেন ভারতীয় স্পিনার সুয়াশ শর্মা। তিনি ওয়াইড দেয়ায় আর কোনো ভুল করতে হয়নি আকবর-জিসানদের। বাংলাদেশ শেষপর্যন্ত জিতলেও আকবরের ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ম্যাচ শেষে তাই ক্ষমাও চেয়েছেন অধিনায়ক, ‘শুরুতে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানতাম তাদের ৪ রান দরকার ছিল, তবে জানি না আমার মাথাতে কী ঘটলো যে বলটা থ্রো করে ফেললাম। শুরুতে আমার এবং (হাবিবুর রহমান) সোহানের ব্যাটিংয়ের সময় ১৮০ রান হলেও খুশি হতাম। পরে ভাবলাম ১৭৫ রান হলেই চলবে। তবে (ইয়াসির আলী) রাব্বি এবং মেহেরব (হোসেন) যেভাবে শেষ করেছে দুর্দান্ত ছিল।’
‘বোলিংয়ে আমরা খারাপ শুরু করিনি। তবে তারা অনেক ভালো করেছে। আমরা চেয়েছিলাম উইকেট নিতে। রিপনের (মন্ডল) ১৯তম ওভার দুর্দান্ত ছিল, যা ম্যাচটা আমাদের হাতে এনে দিয়েছিল। আমি ভেবেছিলাম শেষ ওভারে রাকিবুল (হাসান) আমাদের হয়ে কাজটা করে দিতে পারবে, সে করেছিলও। তবে ক্যাচ মিস এবং ফিল্ডিংয়ের কারণে ম্যাচটা সুপার ওভারে চলে যায়।’
রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে পাকিস্তান শাহিন্সের। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে লড়াই।









