দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ জুন) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার প্রেমিক পরিচালক বিগনেশ শিবান।
প্রথমে জানা গিয়েছিল, তিরুমালা তিরুপতি মন্দিরে চার হাত এক হবে আলোচিত এই জুটির। তবে বিয়ের স্থানটি পরিবর্তন করে তামিলনাড়ুর মহাবালিপুরমে নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, মহাবালিপুরমের শেরাটন গ্র্যান্ডে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হবে এই জুটির।
বিয়ের পরিকল্পনা নিয়ে এই নির্মাতা জানান, ‘আমরা একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম। তবে পরিবারকে তিরুপতিতে নিয়ে আসা কঠিন ছিল। তাই, বিয়ের স্থান পরিবর্তন করে মহাবালিপুরম করার সিদ্ধান্ত নিয়েছি।’
জানা গেছে, নয়নতারা-বিগনেশের বিয়ের অনুষ্ঠানটি ভোর ৪ টা থেকে ৭ টার মধ্যে অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকছে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন থেকে শুরু করে রজনীকান্ত, অনিরুধ রবিচন্দর, কমল হাসান, চিরঞ্জীবী, সুরিয়া, অজিথ, কার্থি, বিজয় সেতুপতি, সামান্থা রুথ প্রভু সহ অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় বড় তারকারা।
এছাড়াও জানা গেছে, পুরো বিয়ের অনুষ্ঠানের শুটিং হবে এবং যা সম্প্রচার হবে নেটফ্লিক্সে। পরিচালক গৌতম বাসুদেব মেনন বিবাহের দিকনির্দেশনা এবং নকশা দেখবেন, এটিই তথ্যচিত্রে প্রকাশ হবে। নেটফ্লিক্সের কাছে বিয়ের ভিডিওর স্বত্ব মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করেছেন তারা।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি।
২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান। – পিঙ্কভিলা









