নতুন এক গবেষণায় দেখা গেছে, গত বছর তীব্র গরমের কারণে ইউরোপজুড়ে প্রায় ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সিএনএন জানায়, নেচার মেডিসিন জার্নালে সোমবার প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, গত বছরের ৩০ মে থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে তাপজনিত কারণে ইউরোপে মৃতের সংখ্যা ৬১ হাজার ৬শ ৭২ জন। যার মধ্যে ইতালিতে প্রায় ১৮ হাজার জন, স্পেন ১১ হাজার জন এবং জার্মানিতে এই সংখ্যা প্রায় ৪ হাজার।
গবেষকরা আরও দেখেছেন, প্রচণ্ড তাপ বয়স্ক এবং মহিলাদের বেশি ক্ষতি করে। বিশ্লেষণ করা প্রায় ৬২ হাজার মৃত্যুর মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাই বেশি।
আইএসগ্লোবালের একজন এপিডেমিওলজিস্ট এবং গবেষণার প্রধান লেখক জোয়ান ব্যালেস্টার বলেছেন, এটি একটি খুব বড় সংখ্যা। সোমবার প্রকাশিত গবেষণাটি বোঝায় যে, গত গ্রীষ্মে কতজনের মৃত্যু গরমের কারণে ঘটেছিল।
তিনি বলেন, আমার জন্য এই সংখ্যাটি আশ্চর্যজনক না হলেও সাধারণ জনগণের জন্য এটি খুবই আশ্চর্যজনক।
গবেষণার লেখকরা সতর্ক করেছেন, যদি চলমান অবস্থায় বজায় থাকে এবং কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে ২০৩০ সালের দিকে প্রতি বছর এই সংখ্যাটি হবে ৬৮ হাজারের বেশি এবং ২০৪০ সালের মধ্যে তা ৯৪ হাজার ছাড়াবে।









