আফগানিস্তানের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালালেন ভারত ওপেনার অভিষেক শর্মা। চার-ছক্কার ঝড় তুলে দিল্লিতে টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সেই সঙ্গে নাম লিখিয়েছেন একাধিক রেকর্ডে।
১৬ বলে ফিফটির পর পরের ১৪ বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। ৯ চার ও ১০ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। যা টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটারের মধ্যে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এতদিন রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের অধীনে। চলতি বছর সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। অবশ্য ৩৩ বলে সেঞ্চুরি আছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজারও। গাম্বিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। তবে গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়।
সহযোগী দেশগুলোসহ হিসেবে করলে অভিষেক শর্মার সেঞ্চুরিটি তৃতীয় দ্রুততম। এই তালিকায় সবার উপরে এস্তোনিয়া ব্যাটার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে তুরস্কের ক্রিকেটার মুহাম্মদ ফাহাদ।
মাত্র ৩০ বলে সেঞ্চুরি করলেও ইনিংসটা আর বেশি বড় করতে পারেননি অভিষেক শর্মা। আউট হন ৩৪ বলে ১০৮ রানে। ছিল ৯ চার ও ১১ ছক্কা।









