চলমান ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচের সূচি পরিবর্তনের আবেদন জানিয়েছে আবাহনী লিমিটেড। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে পাঠানো চিঠিতে এই আবেদন করেছে ক্লাবটি।
ক্লাবটি জানিয়েছে, নানা প্রতিকূলতার মধ্যেও চলমান ২০২৬-২৭ মৌসুমের সূচি অনুযায়ী ম্যাচগুলোতে অংশ নিচ্ছে তারা। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দলের একাধিক খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না।
আবাহনীর আবেদনে বলা হয়েছে, জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে দলের চারজন খেলোয়াড় যোগ দিয়েছেন। এর মধ্যে দুজন জাতীয় দলের অনুশীলনে চোট পেয়ে বর্তমানে চিকিৎসাধীন। ফলে তাদেরকে আগামী ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ এবং ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে পাওয়া যাবে না।
চিঠিতে আবাহনী উল্লেখ করেছে, গত ২০ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে বাফুফে একটি ম্যাচের সূচি পরিবর্তন করেছে। সেই দৃষ্টান্ত সামনে রেখে ম্যাচ দুটি পরবর্তী সময়ে পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়েছে তারা।









