অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশের বাকি ম্যাচগুলো হতে পারে মেলবোর্নে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়োজনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে।
‘বিগ ব্যাশের এবারের আসর শেষ করতে হলে আটটি দলকেই মেলবোর্নে নিয়ে আসতে হতে পারে। যদিও ভিক্টোরিয়াতেও কোভিডের ব্যাপক বিস্তার ঘটছে, তবে এখানে বেশকিছু স্টেডিয়াম আছে। এমসিজি, মারভেল, সেন্ট কিল্ডা এবং জিএমএইচবিএ মাঠগুলোতে খুব সহজেই আসরের বাকী ম্যাচগুলো আয়োজন করা যেতে পারে।’
মেলবোর্নে বাকি ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব আসার পেছনে মূল কারণ কয়েকটি। প্রথমত, অ্যাডিলেড এবং ব্রিসবেনে যথেষ্ট মাঠ নেই এতোগুলো ম্যাচ আয়োজনের। অন্যদিকে, সিডনি এবং হোবার্টে অ্যাশেজের বাকি দুম্যাচ হবে। তাই এ দুটি মাঠও ব্যবহার করার সুযোগ নেই।
এপর্যন্ত মেলবোর্ন স্টার্স এবং সিডনি থান্ডারের মোট ১১ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। খেলোয়াড়দের মধ্যে করোনার বিস্তার ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি চালু করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে লক্ষ্যেই একই শহরে খেলা চালানোকে গুরুত্ব দিচ্ছে বোর্ডটি।
করোনাভাইরাসের শুরু থেকেই অস্ট্রেলিয়াতে ব্যাপক স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম করা হয়েছে। কোভিড প্রোটোকলের কারণে এবারের অ্যাশেজের একটি ম্যাচের ভেন্যু পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। এমনকি অধিনায়ক কামিন্সও একটি ম্যাচে মাঠে নামতে পারেনি কঠোর প্রোটোকলের কারণে।
৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিগ ব্যাশের ফাইনাল ম্যাচসহ খেলা বাকি এখনো ৩৩টি।









