ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পথ ধরে কাশ্মীরের ‘উপত্যকা’ মর্যাদা রদ হওয়ার পর ওই অঞ্চলে সৃষ্ট সঙ্কট নিয়ে পাঁচ মাসের মাথায় দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক।
পাকিস্তানের অনুরোধে দেশটির ঘনিষ্ঠ মিত্র পরাশক্তি চীন এ বৈঠক আয়োজনে একক ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত বছরের আগস্টে কাশ্মীর পরিস্থিতি অবনতির দিকে যেতে শুরু করলে তখন চীনের আহ্বানে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
ভারতের আরেকটি গণমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে: কাশ্মীর পরিস্থিতির পাশাপাশি এ বৈঠকে পাকিস্তান ও ভারতের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি আলোচনার টেবিলে স্থান পাবে।
অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করেছে: কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার বিষয়ে আলোচনা করার জন্য এই বৈঠক করা হচ্ছে।
দীর্ঘ পাঁচ মাসের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর বুধবার আবার চালু হওয়ার সম্ভবনা রয়েছে হাইকোর্টের নির্দেশে। তবে আগের মতোই কাশ্মীরে বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।









