ঢাকা পর্বের পর চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। উদ্বোধনী ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর একটায় তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
তামিম ইকবালদের চিটাগং ভাইকিংস ঢাকায় ভালো করতে পারেনি। চার ম্যাচে এক জয় নিয়ে এখনো তারা পয়েন্ট তালিকার নিচের দিকেই রয়ে গেছে। শীর্ষ চার নিশ্চিত করতে হলে দারুণ একটা ‘কামব্যাক’ প্রয়োজন। নিজেদের হোম ভেন্যু তারা ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা দলের খেলোয়াড় ও দর্শকদের।
অবশ্য ঢাকাও নিজেদের স্থান ধরে রাখার জন্য মরিয়া হয়েই খেলবে চট্টগ্রামে। প্রথম পর্ব শেষে নেট রান রেটে এগিয়ে থাকায় বিপিএলের শীর্ষেই অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস।
বিকেল পৌনে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মুশফিকের বরিশাল বুলস। অধিনায়ক মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসতো দুর্বার ব্যাটিং করছেন। এ দলটিও ৩ ম্যাচ জয়ে ৬ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম থেকে ভালো কিছু নিয়েই ঢাকায় ফিরতে চান বরিশাল বুলসের খেলোয়াড়রা।
রংপুর দলটিও ভাল করছে। দলটিকে শুরুতে শক্তিশালী দলের মধ্যে রাখাই হয়নি। অথচ এ দলটিই কিনা ৩ ম্যাচ খেলে ২টিতেই জয় তুলে নিয়েছে। রংপুরের মূল শক্তি স্পিন আক্রমণ।
চট্টগ্রাম পর্বে মোট ১১টি ম্যাচ হবে। এরমধ্যে স্বাগতিক দল চিটাগাং ভাইকিংসই শুধু চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাকি সবকটি দল চট্টগ্রামে ৩টি করে ম্যাচ খেলবে। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২২ নভেম্বর। চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেরদিন আবার ‘ফিরতি লেগ’ও শুরু হয়ে যাবে।









