মার্কাস র্যাশফোর্ডের বোকামি দেখে ওলে গানার সলশেয়ার কী করবেন সেটা তিনিই ভালো জানেন। বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের যন্ত্রণা এমনিতেই জ্বালাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড বস যখন জানবেন তার এক শিষ্যের আক্কেলহীন কাণ্ডে প্রশ্নপত্র ফাঁসের মতো ফাঁস হয়ে গিয়েছিল দলের কৌশল, তখন হয়ত চুলই ছিঁড়বেন রেড ডেভিল কোচ!
শুনতে অদ্ভুত ও মজার লাগলেও সত্যিই এমন কাণ্ড হয়েছে বার্সা-ম্যানইউ ম্যাচের দ্বিতীয় লেগে। সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করে ইউটিউব ও টিভিতে ফাঁস করে দিয়েছে স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক গোল!
ক্যাম্প ন্যুতে ম্যাচের দ্বিতীয়ার্ধ। ম্যানইউ তখন পিছিয়ে ২-০ গোলে। গোলের ফাঁস করা সেই ফুটেজে দেখা যাচ্ছে, প্রতিপক্ষের কৌশল বুঝে বিকল্প ফর্মেশন সাজাচ্ছেন ম্যানইউ কোচ সলশেয়ার। পরে সেই ফর্মেশন চিরকুট আকারে একটা কাগজে লিখে গুঁজে দেন সহকারী কোচ কাইরেন ম্যাককেন্নার হাতে।
পরে ম্যাককেন্নার হাত ঘুরে মার্কাস র্যাশফোর্ডের হাতে পড়ে চিরকুট। র্যাশফোর্ডের দায়িত্ব ছিল বাকি সতীর্থের ওই ফর্মেশন বুঝিয়ে দেয়া। কিন্তু ইংলিশ ফরোয়ার্ড সেই কাগজ হাতে নিয়ে কয়েকমিনিট মাঠে দৌড়ালেন। এক পর্যায়ে জেরার্ড পিকের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠেই ফেলে দেন চিরকুটটটি।
কখন যে হাত থেকে সেই চিরকুট পড়ে গেছে তা টেরও পাননি র্যাশফোর্ড। কিছুক্ষণ পর সেই চিরকুট কুড়িয়ে পান বার্সা গোলরক্ষক টের স্টেগেন। ব্যাস তাতেই কেল্লাফতে!
ম্যাচের শুরুতে ম্যানইউ ৪-৩-১-২ ফর্মেশনে খেললেও দ্বিতীয়ার্ধে ফর্মেশন বদলে ৪-৪-২ করে দেন সলশেয়ার। কোন ফর্মেশনে কে খেলবেন সেটাও উল্লেখ করা ছিল কাগজে। অর্থাৎ, কুড়িয়ে পাওয়া কাগজের মাধ্যমে ম্যানইউর দ্বিতীয়ার্ধের সমস্ত কৌশল ফাঁস হয়ে যায় টের স্টেগেনের কাছে।
ফর্মেশন বদলে অবশ্য খানিকটা লাভই হয়েছে রেড ডেভিলদের। বার্সার গোলের পরিমাণটা একটু কমানো গেছে। যেখানে প্রথম ৪৫ মিনিটে মেসির জোড়া গোলে ২-০তে এগিয়ে ছিল বার্সা, সেখানে পরের ৪৫ মিনিটে কেবল গোল করেছেন ফিলিপে কৌতিনহো!









