মেক্সিকোর মধ্যাঞ্চলে তেলের পাইপ লাইনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পর্যন্ত ৭১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৭৬ জন।
নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশুও রয়েছে বলে হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এসময় প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপজে অবরাদোর উপস্থিত ছিলেন।
হিদালগো রাজ্যের তিয়াহুয়েলিলপান শহরের কাছে অবস্থিত তুলা তেল শোধনাগারে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে বিবিসি জানায়।
টেলিভিশন ফুটেজে বিস্ফোরণের পর তিয়াহুয়েলিলপান শহরের রাতের আকাশ ছুঁয়ে যেতে দেখা গেছে আগুনের শিখাকে। এছাড়া ফুটো পাইপ দিয়ে তীব্রবেগে তেল বের হতেও দেখা গেছে।
বিস্ফোরণের সাথে সাথেই ঘটনাস্থলে নিহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক।
ধারণা করা হচ্ছে, তেল চোরেরা পাইপ ফুটো করে দিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মেক্সিকোর রাষ্ট্রীয় পেট্রোরিয়াম কোম্পানিও নিশ্চিত করেছে, অবৈধভাবে পাইপ ফুটো করে দেয়ার কারণেই এ বিস্ফোরণ ঘটেছে।









