৪২তম জি-সেভেন শীর্ষ সম্মেলনের আউটরিচ বৈঠকে অংশ নিতে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৫ মিনিটে নাগোয়ার শুবু সেন্ট্রাইয়ার বিমানবন্দরে পৌঁছালে জাপানের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার মিকি ইয়ামাদা তাকে স্বাগত জানান। সেসময় জাপানে বাংলাদেশের হাই কমিশনার রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন শেখ রেহানা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া এফবিসিসিআই সভাপতি আব্দুল মতলুব আহমাদের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
চার দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিশ্ব নেতাদের সঙ্গে দেখা হবে তার। ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।









