বিশ্ব জুড়ে ক্রমাগত বেড়ে চলা বায়ু দূষণ এরই মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এরচেয়েও ভয়ঙ্কর এক তথ্য। সেখানে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী বায়ু দূষণের ফলে মানুষের বুদ্ধিমত্তা কমে যাচ্ছে।
গবেষকরা বলছেন, মানুষের বয়স যত বেশি, বায়ু দূষণের ক্ষতির ঝুঁকিও ততো বেশি। শুধু তাই নয়, বায়ু দূষণের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্বল্প শিক্ষিত পুরুষের ওপর।
বিবিসি জানায়, চার বছর ধরে ২০ হাজার মানুষের ওপর ‘গাণিতিক’ এবং ‘মৌখিক’ দক্ষতা নিয়ে যৌথ গবেষণা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র এবং চীন।
ওই গবেষণায় উঠে আসে বায়ু দূষণের ফলে বিশ্বব্যাপি শহুরে জনপদের প্রায় ৮০ শতাংশ মানুষ অনিরাপদ অবস্থানে বসবাস করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর সারাবিশ্বে বায়ু দূষণের কারণে প্রায় ৭০ লক্ষ মানুষ মারা যায়। তাই পরিবেশের এই দূষণকে অদৃশ্য হত্যাকারী বলা হয়ে থাকে।
‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সাইন্স’-এ সোমবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মৌখিক জরিপে প্রাথমিকভাবে উঠে আসে স্বল্প শিক্ষিত পুরুষরা বায়ু দূষণের কারণে তাদের প্রত্যাহিক জ্ঞান হারাবে।
২০১৬ সালে পৃথিবীতে বায়ু দূষণ জনিত রোগে মারা গেছে ৪২ লক্ষ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মান অনুসারে বায়ু দূষণ ঝুঁকিপূর্ণ মাত্রায় আছে এমন অঞ্চলে বাস করছে বিশ্বের ৯১ শতাংশ মানুষ।









