নারী জঙ্গি সদস্যদের রিক্রুটে কাজ করতো ‘ব্যাট উইমেন’ শাখার প্রধান হুমায়রা। জঙ্গি নেতাদের স্ত্রীদের ভার্চুয়াল যোগাযোগে সে সহায়তা করতো, অনেকের অ্যাকাউন্ট সে নিজেই পরিচালনা করতো। একইসঙ্গে হুমায়রা নব্য জেএমবির অর্থদাতা।
ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সনাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান এলাকার থেকে হুমায়রা জাকির নানভিকে গ্রেপ্তার করে।
কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সনাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিটিসি আরো জানায়, ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে ১৫ আগস্টের হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয় পুলিশ। তারপর এ ঘটনায় তানভীর ইয়াসিন নামে এক প্রকাশনা সংস্থার কর্ণধারকে গ্রেপ্তার করা হয়। হুমাইরা ওই তানভীরের স্ত্রী।
সিটিটিসির এক কর্মকর্তা জানান, হুমায়ারা নব্য জেএমবির সিস্টার উইংয়ের দায়িত্বশীল ছিল। তানভীর গ্রেপ্তার হওয়ার পর হুমায়রা নব্য জেএমবির শীর্ষ নেতা আকরাম হোসেন খান নিলয়ের সঙ্গে যোগসাজশ করে কর্মকাণ্ড চালাতো।
হুমায়রা ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন।









