‘মঙ্গল কামনায়’ চীনের সাউদার্ন এয়ারলাইন্সের একটি জেট ইঞ্জিনে এক বৃদ্ধ নারী ৯টি কয়েন ছুঁড়ে মারায় তা উড়তে ৫ ঘণ্টা বিলম্বের শিকার হয়। ঘটনার পর টারবাইনের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করে মেকানিকরা। এই ঘটনার সঙ্গে জড়িত কিউই (৮০) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ।
শাংঘাই থেকে গুয়াংঝোগামী এই বিমানটিতে পরিবার পরিজনসহ যাচ্ছিলেন তিনি। কিন্তু ‘কল্যাণ’ কামনায় উল্টো ভয়ানক বিপদের দিকেই ঠেলে দিচ্ছিলেন ফ্লাইটটিকে।
বৃদ্ধাটি এয়ারক্রাফ্টের ইঞ্জিন টারবাইনে নয়টি কয়েন ছুঁড়ে মারলে অন্যান্য যাত্রীরা এয়ারলাইন স্টাফদের বিষয়টি জানান। এরপরই ইঞ্জিনটি পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। এসময় ১৫০ যাত্রীকে বিমানটি থেকে নামতেও হয়। তবে নয়টির মধ্যে মাত্র ১টি কয়েনই ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি’কে জানায় এয়ারপোর্টের কর্মকর্তারা। কিন্তু ওই একটি কয়েনই ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন বিমানের ক্রুরা।
এয়ারলাইনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, নারীটিকে পুলিশ পরে আটক করেছে। তদন্তের পর জড়িত যাত্রী কিউই জানান, নিরাপত্তার প্রার্থনা করে তিনি কয়েনগুলো ছুঁড়ে মেরেছিলেন।









