আবু সালে মো. ফাত্তাহ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপির সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের সামনে দু’পক্ষের জুতা-স্যান্ডেল ও পানির বোতল ছুঁড়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় উত্তরা কমিউননিটি সেন্টারে প্রতিনিধি সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাদিম মোস্তফা এবং জেলা বিএনপির বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় নেতাকর্মীরা মঞ্চে লক্ষ্য করে জুতা-স্যান্ডেল ও পানির বোতল ছুড়ে মারে। মঞ্চের ব্যানার টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল।
সংঘর্ষের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিনিধি সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুকে সভাপতি ঘোষণা করার পর সাবেক সভাপতি নাদিম মোস্তফার সমর্থকরা সমাবেশ স্থলে হৈচৈ শুরু করে। এসময় হাতাহাতির ঘটনা ঘটে।
‘দলের কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মঞ্চে ডাকা ও নাম ঘোষণা নিয়ে দ্বিতীয় দফায় হৈচৈ ও হাতাহাতি ও ভাঙচুর করে নাদিম মোস্তফা সমর্থকরা। এসময় নাদিম সমর্থকরা মঞ্চে উঠে ব্যানার টেনে ছিড়ে ফেলে।
এর কিছুক্ষণ পর নাদিম সমর্থক জেলার সহসভাপতি দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক সৈয়দ মহাসিনের নেতৃত্বে মিছিল নিয়ে গিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এ সময় গয়েশ্বর চন্দ্র রায় উঠে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার সময় কমিউনিটি সেন্টার থেকে নেতাকর্মীরা বের হয়ে যায়।’
পরে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার মাইক নিয়ে নেতাকর্মীদের ভিতরে প্রবেশ করতে বলেন এবং তিনি বক্তব্য রাখেন।









