শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেই ২০০৪ সালে। ঘরোয়া টুর্নামেন্ট থেকেও আছেন এক প্রকার নির্বাসনে। ২০১৪ সাল থেকে লোকচক্ষুর অন্তরালে থাকা সেই তালহা জুবায়েরকে আবার আলোতে নিয়ে এসেছে আইসিসির একটি টুইট। ক্রিকেটের অভিভাবক সংস্থাটি মনে করিয়ে দিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হওয়া এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী ক্রিকেটার তালহা।
দারুণ প্রতিশ্রুতি নিয়ে ক্রিকেটে আবির্ভাব। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে টেস্টে অভিষেক পেসার তালহার। সেই টেস্টে মারভান আত্তাপাত্তু ও মাহেলা জয়াবর্ধনের উইকেট নিয়ে আগমনী বার্তা দিয়েছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেট শিকার করে গড়েছিলেন সবচেয়ে কম বয়সে ৪ উইকেট নেয়ার রেকর্ডও।
কিন্তু একের পর এক চোট থামিয়ে দিয়েছে ফরিদপুরের এই পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০০৪ সালে ভারতের বিপক্ষে টেস্টই ছিল তার শেষ সাদা পোশাকের ম্যাচ।

ক্রিকেট থেকে নির্বাসনে থাকা তালহা হয়তো নিজেই ভুলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হওয়া সবচেয়ে কমবয়সী ক্রিকেটার তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন স্মরণীয় ঘটনাকে মনে করিয়ে দিতেই আইসিসির উদ্যোগে পুরনো সব পরিসংখ্যান সামনে আনা হচ্ছে। তাদের এক টুইটেই বেড়িয়ে এসেছে তালহার কীর্তির কথা। আইসিসির আসরে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডেতে ৫ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৪৬ রান। পরে আর বোলিং করার সুযোগই পাননি তালহা।









