ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইম্যানুয়েল মাক্রোঁ। দ্বিতীয় দফা ভোটের মধ্য দিয়ে চূড়ান্তভাবে প্রেসিডেন্ট বেঁছে নিলো ফ্রান্সের জনগণ।
প্রাথমিক হিসাব অনুযায়ী, মধ্য ডানপন্থী মাক্রোঁ পেয়েছেন প্রায় ৬৫ শতাংশ ভোট, প্রতিদ্বন্দ্বী কট্টোর ডানপন্থী মারিন লো পেন পেয়েছেন ৩৫ শতাংশের মতো ভোট। মোট ভোট পড়ে ৬৫ দশমিক ৩ শতাংশ। জনগণের রায় মোটামুটি পরিষ্কার হওয়ার পর পরাজয় স্বীকার করে নেন লো পেন।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় বেলা ১২টা) থেকে মেট্রোপলিটান ফ্রান্সের ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়। তবে এর বেশ কিছু সময় আগেই দেশের বাইরে থাকা ফরাসি নাগরিকদের ভোটদান শুরু হয়। সর্বশেষ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয় বাংলাদেশ সময় রাত ১২টায়। এর পরপরই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ১১জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেনএন মার্চে দলের ইম্যানুয়েল মাক্রোঁ এবং ন্যাশনাল ফ্রন্ট (এফএন) দলের মারিন লা পেন। কিন্তু সেবার ভোটে মাক্রোঁ এগিয়ে থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বীই সংখ্যাগরিষ্ঠতা জিততে পারেননি।
তাই দ্বিতীয় দফায় ৭ মে আবারও নির্বাচন হলো এগিয়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে। বর্তমান প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদের কাছ থেকে নতুন প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করবেন ১৪ মে।









