‘শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়েই আমরা তৈরি করব “অপুর সংসার” ছবিটি। ওদের দুজনকে বাদ দিয়ে এই ছবি কোনো ভাবেই হবে না। আর দর্শকও তা গ্রহণ করবে না।’ বললেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু। ‘অপুর সংসার’ ছবিটি প্রযোজনা করবেন তিনি। গতকাল সোমবার বিকালে পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়।
এদিকে গতকাল রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে শাকিব খান অভিযোগ করেন, ‘বিরোধী পক্ষ তার কেরিয়ারের ক্ষতি করার জন্য অপুকে ব্যবহার করছে। অপুও তাদের সঙ্গে চক্রান্ত করছে। এই চক্রই “অপুর সংসার” নামে ছবির নাম নিবন্ধন করেছে। আগামী দুয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন এই ছবিতে কাকে নায়ক হিসাবে নেওয়া হবে। তখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’
এই অভিযোগের ব্যাপারে খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিবকে কেউ ভুল বোঝাচ্ছে। শাকিবের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আমার প্রযোজনায় শাকিব এ পর্যন্ত ১৩টি ছবিতে অভিনয় করেছে। খুব গোপন সূত্রে জানতে পেরেছি, ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান সেরা অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন। ছবির নাম “আরও ভালোবাসব তোমায়”। এটাও আমার ছবি।’
খোরশেদ আলম খসরু দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্র প্রযোজনা, পরিবেশনা এবং চলচ্চিত্র–কেন্দ্রিক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন। শাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে, সন্তান আর পরবর্তিতে তা মেনে নেওয়া–না নেওয়া, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাস চলচ্চিত্রের এ সময়ের শীর্ষ জুটি। শাকিব খানের ওপর চলচ্চিত্রশিল্প অনেকটাই নির্ভরশীল। আমি মনে করি, যা ঘটেছে, তা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কোনোভাবেই চাই না, তাদের কোনো সমস্যার কারণে চলচ্চিত্রশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হউক।’

শাকিব–অপুর ব্যক্তিগত ব্যাপারে প্রযোজক আর পরিচালকেরা কোনো হস্তক্ষেপ করবে কিনা—এ প্রসঙ্গে খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রয়োজন হলে অবশ্যই করব। যত দ্রুত সম্ভব, এটাকে স্বস্তির জায়গায় নিয়ে আসতে হবে। শাকিব আর অপুকেও বুঝতে হবে, তারা আর দশজনের মতো কোনো সাধারণ মানুষ নয়। অন্য কেউ যা করতে পারবেন, তা তারা করতে পারবে না, পারে না। দর্শকের মনে তাদের যে অবস্থান আছে, তাদের কর্মকান্ডের কারণে তা ধুলায় মিশে যাবে। তারা দুজনই দর্শকের মন থেকে মুছে যাবে।’
খোরশেদ আলম খসরু জানান, তার প্রযোজনায় শাকিব খান অভিনীত সুপারহিট ছবিগুলো হলো—‘লাস্ট টার্গেট’, ‘হটলাইন’, ‘দুই নাম্বার’, ‘কিং খান’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘হায় প্রেম হায় ভালোবাসা’ ও ‘আরও ভালোবাসব তোমায়’।









