এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। নিজের হিটে চতুর্থ হলেও সেরা টাইমিংয়ের ভিত্তিতে পরের রাউন্ডের টিকিট পেয়েছেন তারকা স্প্রিন্টার।
১০০ মিটার স্প্রিন্টে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইমরানুর ছিলেন পঞ্চম হিটে। নিজের হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। ১০.১৭ সেকেন্ড নিয়ে এই হিটে সেরা হয়েছেন মালয়েশিয়ার মোহাম্মদ মোহদ। ১০.৩৩ সেকেন্ড সময় নিয়ে সিঙ্গাপুরের মার্ক ব্রায়ান লুইস দ্বিতীয় এবং চাইনিজ তাইপের চুন-হান ইয়াং ১০.৩৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের শীর্ষ তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পান। তাদের বাইরে ছয়টি হিট মিলিয়ে সেরা ছয় টাইমিংধারীও পরের রাউন্ডে ওঠেন। হিটে সেরা তিনে থাকতে না পারলেও সামগ্রিক টাইমিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের স্প্রিন্টার। সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়েছেন ইমরানুর।









