মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমর্থক রিপাবলিকান নেতা ও ‘মেইন’ অঙ্গরাজ্য সাবেক গভর্নর পল ল্যাপেজ নিজের এক স্বজনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার না করার আহ্বান জানিয়েছেন।
ওই স্বজন তার ছেলের শ্বশুর। তার দাবি, ওই স্বজন যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন এবং তার বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে।
মেইনের দ্বিতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের আসনে নির্বাচন করছেন ল্যাপেজ। তার নির্বাচনী প্রচারে সীমান্ত ও অভিবাসন নীতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।
সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ল্যাপেজ জানান, তার ছেলের শ্বশুরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার দাবি, ওই ব্যক্তি বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
ল্যাপেজ বলেন, ‘এটা ঠিক নয়। তার ওয়ার্ক পারমিট আছে। তাকে থাকতে দেওয়া উচিত।’
ওই স্বজন কোন দেশের নাগরিক বা তার অভিবাসন মামলার বিস্তারিত কী, তা জানাননি ল্যাপেজ। তবে তিনি দাবি করেন, ওয়াশিংটনের কিছু মানুষের পছন্দ নয় এমন একটি দেশ থেকে আসার কারণে তার স্বজনকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিবাসন বিষয়ে ল্যাপেজ দীর্ঘদিন ধরে কঠোর অবস্থানের পক্ষে কথা বলে আসছেন। একই অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে গ্যাং সদস্য ও অপরাধীদের অগ্রাধিকার দেওয়া উচিত। একই সঙ্গে বৈধ ওয়ার্ক পারমিট থাকা দীর্ঘদিনের বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ল্যাপেজের বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ, বৈধ ওয়ার্ক পারমিট এবং বহিষ্কারের আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক চলছে। এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র পৃথক এক বক্তব্যে বলেছেন, ওয়ার্ক অথরাইজেশন থাকা নিজেই বৈধ অভিবাসন মর্যাদার সমান নয়।









