ফিফা আসিয়ান কাপে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখা আইস্ক্রিন। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রতিপক্ষ কঠিন হলেও এই ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক।
ভিসা জটিলতায় নির্ধারিত সময়ের আগে ইন্দোনেশিয়ায় যেতে না পারলেও শেষ পর্যন্ত সেখানে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন জামাল। বলেছেন, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে খুব স্বস্তি লাগছে। আমরা আরেকটু আগে আসতে চেয়েছিলাম, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারিনি। তবে অবশেষে আমরা এখানে পৌঁছাতে পেরেছি।’
আসিয়ান কাপে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিন প্রতিপক্ষই শক্তিশালী হওয়ায় সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মানছেন জামাল। জানালেন, আস্থা রাখছেন নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাসের ওপর। বলেছেন, ‘আমরা জানি এটি বেশ কঠিন হতে যাচ্ছে। তবে নিজেদের ওপর আমাদের বিশ্বাস রয়েছে এবং যথেষ্ট আত্মবিশ্বাসও আছে। আমরা জানি প্রতিযোগিতাটি সহজ হবে না। তবে এই টুর্নামেন্টে নিজের সামর্থ্য প্রমাণেরও সুযোগ আছে।’
আগামী মাসে ঘরের মাঠে গড়াতে চলা সাফ চ্যাম্পিয়নশিপকে বাংলাদেশের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন জামাল। তার মতে, আসিয়ান কাপ সাফের আগে দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ। তবে প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ।
বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টের মতো, কারণ এক মাস পর আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য। তবে অবশ্যই একটি দল হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং যদি আমরা কয়েকটি পয়েন্ট বা এক-দুটি জয় তুলে নিতে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।









