ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলেছে, জাপানে গড়াতে চলা ২০তম এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে অফ-স্পিনার আলিস আল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাইফউদ্দিনের বদলি হিসেবে দলে আসা আলিস এখনো জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে জাতীয় দলের আশপাশে থাকা এই স্পিনার সম্প্রতি সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে খেলেছেন। একটি ম্যাচে সুযোগ পেয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট শুরু হবে বৃহস্পতিবার। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম রাউন্ডে ‘বাই’ পাওয়ায় সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ। ফলে তাদের প্রথম ম্যাচ আগামী মঙ্গলবার।
তবে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে খেলবে ওমান, হংকং ও মালয়েশিয়া। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষেই নাগোয়ার নিশিনে কোয়ার্টার-ফাইনালে খেলবে বাংলাদেশ।









