১৯ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইউরো চ্যাম্পিয়ন, পরপর দুবার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার বিস্ময়বালক জানালেন, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে নিয়ে ব্যক্তিগতভাবে বেশ সমস্যা রয়েছে তার।
ইয়ামাল বলেছেন, বায়ার্নের খেলা দেখেন না। মূলত বায়ার্নের খেলার ধরনের কারণে ক্লাবটির ম্যাচ দেখেন না। এক পডকাস্ট সাক্ষাৎকারে জার্মান জায়ান্টদের নিয়ে কথাগুলো বলেছেন স্প্যানিয়ার্ড তারকা।
ইয়ামালকে প্রশ্ন করা হয় রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং বায়ার্নের মতো ক্লাবগুলোর খেলা দেখেন কিনা। তিনি বলেছেন, প্রথম দুটি ক্লাবের খেলা নিয়মিত দেখলেও বায়ার্নের নয়।
‘সত্যি বলতে, বায়ার্নের ম্যাচ দেখতে আমার একদমই ভালো লাগে না। কারণ জানি, নিজেদের লিগে তারা সবসময়ই একচেটিয়া আধিপত্য বজায় রাখবে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বেও তাদের খেলা দেখি না। কারণ সেখানেও তারা একই, প্রতিপক্ষের উপর প্রবল আধিপত্য বিস্তার করে খেলে। অবশ্য পিএসজির বিপক্ষে ম্যাচটি দারুণ ছিল।’
‘চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বের ম্যাচগুলো দেখতে আমার ভালো লাগে না, কারণ প্রতিপক্ষের উপর তাদের (বায়ার্ন) আধিপত্য এতটাই বেশি থাকে যে, খেলার ফলাফল বা গতিপ্রকৃতি আগে থেকেই বোঝা যায়।’
মূলত প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলাই বায়ার্নের মূল কৌশলের একটি। কোভিডের সময় সংক্ষিপ্ত করা হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ম্যাচ। সেখানে বায়ার্ন মাত্র ১১ ম্যাচে ৪৩ গোল করে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছিল। ২০১৯/২০ মৌসুমে প্রতিটি প্রতিপক্ষের উপর বায়ার্ন একক আধিপত্য বজায় রেখেছিল। বাভারিয়ানদের এই বিধ্বংসী খেলায় সবচেয়ে বড় শিকার হয়েছিল বার্সেলোনা। এক লেগের সেই কোয়ার্টার ফাইনালে ৮-২ ব্যবধানে হেরেছিল কাতালান ক্লাবটি। সেই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগসহ ৬ শিরোপা জিতেছিল জার্মান জায়ান্টরা।









