রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।
ওসি বলেন, ‘আমরা এখনও ঘটনাস্থলে আছি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশি কার্যক্রম চলছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর জানা যাবে।
চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। পরে নজরুল ইসলাম ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। মরিয়ম খাতুনও পৃথক বক্তব্যে তাকে নিজের স্বামী বলে দাবি করেছিলেন।
ঘটনাটি নিয়ে তখন বিয়ে ও কাবিননামার তথ্য ঘিরেও নানা প্রশ্ন ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, নজরুল ইসলাম দাবি করেছিলেন, গত ১৭ জুন পারিবারিকভাবে মরিয়মের সঙ্গে তার বিয়ে হয়েছে। তবে বিয়ের নথি ও অন্যান্য তথ্য নিয়ে অসংগতি নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়।
ভিডিও বিতর্কের পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্তের উদ্যোগ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে ২২ জুলাই দলটি জিএম নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়।









