এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে ফাইনালের স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের। কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমির টিকিট পেয়েছিল টিম টাইগ্রেস। সেমিতে ভারতের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিপর্যয়ে পড়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে শেফালি ভার্মার সেঞ্চুরিতে বড় লক্ষ্য দিয়েছিল ভারত, তাতে চাপা পড়ে অল্পপুঁজিতে গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ১১৪ রানে হেরে এখন ব্রোঞ্জ পদকের জন্য খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। আর ভারত স্বর্ণপদকের জন্য লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।
জাপানের কোরোগি স্পোর্টস পার্ক মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে দলটি। ভারতের বড় পুঁজির পিছে ভূমিকা শেফালির। তার ৪৯ বলে অপরাজিত ১০০ রানের ঝড়ো ইনিংসে ছিল ৯ ছক্কা এবং ৩ চারের মার। জবাবে ১৫.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ওপেনিংয়ে নেমে স্মৃতি মান্দানা ১৮ বলে করেন ৩৭ রান, তাতে গড়েছেন রেকর্ড। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন সর্বোচ্চ ৪,৭৮৮ রান তার। দুইয়ে ৪,৭৫৮ রান করে নিউজিল্যান্ডের সুজি বেটস।
ভারতের হয়ে বাকিদের মধ্যে এদিন হারমানপ্রীত করেন ৩৩ বলে ৪০ রান। ভারতী ফুলমালি অপরাজিত ৯ রান করেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান এবং নাহিদা আক্তার।
জবাব দিতে নেমে একাই লড়েছেন দিলারা আক্তার। ২৩ বলে করেন ২৭ রান। এদিন বেশ ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস রানের খাতা খোলার আগে ফিরে যান। শারমিন আক্তার ১০ এবং সুলতানা খাতুন করেন অপরাজিত ১২ রান।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন নন্দনি শর্মা এবং দিপ্তী শর্মা। শ্রী চরণী ২টি, ক্রান্তি গাউদ, শ্রেয়াঙ্কা পাতিল ১টি করে উইকেট নেন।
আরেক সেমিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। স্বর্ণপদকের জন্য জন্য লঙ্কানদের বিপক্ষে লড়বে ভারত। ব্রোঞ্জ পদকের জন্য ২২ তারিখ ভোর ৬টায় পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ।









