মেয়েদের জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে জাপানে এশিয়ান গেমসে খেলতে গেছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের ১৩ জন আছেন গেমসে। আশা ভালো ফলের। তবে শক্তিশালী চীনের বিপক্ষে রীতিমতো বিপর্যস্ত হয়েছে অর্পিতা পালের দল। এক-দুই নয়, চার কোয়ার্টারে বাংলাদেশের জালে ১৩ বার বল জড়িয়েছে চীনা।
জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণাত্মক খেলে চীন। প্রথম সাফল্য আসে চার মিনিটের মাথায়। গোল করেন জিয়াকি ঝং। এরপর একে একে প্রথম কোয়ার্টারে আরও গোল করেন ইয়াং চেন এবং হং লি। জিয়াকি নিজের দ্বিতীয় গোলটি করলে ৪-০ ব্যবধানে পিছিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়াং চেন। পরের গোল করেন ইং ঝাং। শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূর্ণ করেন জিয়াকি। ৭-০তে শেষ হয় এ কোয়ার্টার।
তৃতীয় কোয়ার্টারে প্রথম গোল করেন নিং মা। পরে লিউ ইয়াং, মেইরং জউ এবং ওয়াই চেনের গোলে ১১-০ ব্যবধানে এগিয়া যায় চীন। আরও আগেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে দুটি গোল করে চীন। মেইরং এবং ওয়াই তাদের দ্বিতীয় গোলের দেখা পেলে ১৩-০ ব্যবধানে জয় আসে চীনের। বড় হার নিয়ে ফিরতে হয় বাংলাদেশকে।
সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে লাল-সবুজের দলটি।









