দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম শনাক্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের। অর্থাৎ, গত ছয় মাসে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের। ঢাকার তিনজনের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪২৮ জন। এরপর সিলেটে ১৬৭ জন, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৮ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৪৯ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৪৬, বরিশালে ১০৮, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪২, রাজশাহীতে ১৬ এবং রংপুরে একজন রয়েছেন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জনে। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে। এর মধ্যে ২০ হাজার ৪৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।









