খবর ছিল আগেই, তবে অবশেষে অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেই তাতে দিলেন সিলমোহর। ‘কাঠমান্ডু’-র পর রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ১২ বছর পর কাজ করছেন মিমি। ছবির ক্ল্যাপস্টিক নিয়ে ছবি শেয়ার করলেন এই নায়িকা।
সবুজ রঙের কুর্তায় দেখা গেল তাকে। ক্ল্যাপস্টিকের ফাঁক থেকে শুধু চোখদুটোই দেখা যাচ্ছে। সঙ্গে মোটা ভ্রু। ক্যাপশনে বেশি শব্দ খরচ করেননি মিমি। শুধু লেখা ‘তাণ্ডব’। হ্যা, ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমেই আবারও এক হচ্ছেন রাজ-মিমি।
টলিউডের একসময়ের আলোচিত লাভ ট্রায়াঙ্গেল ছিল পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী-এর সম্পর্ক। রাজের পরিচালনায় একসময় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো একের পর এক হিট ছবিতে কাজ করেছিলেন মিমি।
এমনকি তাদের শেষ ছবি ‘কাঠমান্ডু’র মুক্তির সময়ও তাদের মধ্যে ছিল গভীর প্রেম। এরপর ২০১৬ সাল থেকে রাজের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক শুরু হয়। ২০১৮ সালে রাজ-শুভশ্রী ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন।
একদম শুরুর দিকে মিমি-রাজ-শুভশ্রীকে নিয়ে বেশ তিক্ততা ছড়িয়েছিল। তবে সেসবে পানি ঢেলে রাজ-শুভশ্রীর বিয়ের পর শুভেচ্ছা আসে মিমির তরফে। এমনকী তাদের দুই সন্তান ইউভান আর ইয়ালিনির জন্মের পর উপহারও পাঠিয়েছিলেন মিমি।









