এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বরিশাল মহানগরীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রী নাসিমা বেগমের হাতে স্বামী নুরুজ্জামান হাওলাদার (৫৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত নুরুজ্জামান হাওলাদার বরিশাল আদালতের এক আইনজীবীর মুহুরি হিসেবে কাজ করতেন। তিনি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে ইছাকাঠি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে স্ত্রী নাসিমার দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জেরে সোমবার দিবাগত রাতে নাসিমা তার স্বামীকে আঘাত করার পর শ্বাসরোধে হত্যা করেন। পরে বাইরে থেকে বাসায় তালা দিয়ে তিনি আত্মগোপনে চলে যান।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসার তালা ভেঙে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, ঘটনার পর নিহতের পলাতক স্ত্রীকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









