প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি শেষ হলেও শেষ হচ্ছে না আলোচনা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হালান্ডের একমাত্র জয়সূচক গোলটি নিয়ে চলছে নাটকীয়তা। রেফারিং সংস্থা প্রো রেফ ম্যাচ শেষে জানিয়েছিল, ভুল ছিলে সেই গোলের সিদ্ধান্ত। ফলে শাস্তির মুখে পড়ছেন ম্যাচের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ম্যাট ডোনোহু এবং তার সহকারী ব্লেক অ্যান্ট্রোবাস।
শাস্তি হিসেবে এ সপ্তাহে, মূলত ফিফা আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগের আর কোন ম্যাচে নিযুক্ত করা হবে না তাদের। প্রিমিয়ার লিগের রেফারিং সংস্থা প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব এবং ব্যবস্থাপনা দল সিদ্ধান্তটি নিয়েছে। রোববার ইউনাইটেডের বিপক্ষে সিটির গোলটির ক্ষেত্রে, বিচারের ত্রুটি স্বীকার করার পর এ সিদ্ধান্ত আসে।
ওল্ড ট্রাফোর্ডে ৬০তম মিনিটে জোস্কো গার্দিওলের ক্রস থেকে নেয়া শট জালে জড়ান হালান্ড। মাঠে প্রথমে অফসাইড দেয়া হলে গোল বাতিল করা হয়। পরে ভিএআরের হস্তক্ষেপে গোল বহাল রাখা হয়। সেসময় কারণ হিসেবে দেখানো হয়, ইউনাইটেডের প্যাট্রিক ডর্গুর বুটের কারণে নরওয়েজিয়ান তারকা অনসাইডে ছিলেন। তবে গোল বাতিল করা উচিত ছিল কিনা তা নিয়ে বিতর্ক থেকে যায়। হালান্ডের গোলের আগে মাঝমাঠে বল হেড করার জন্য ঝাঁপিয়ে পড়েন সিটি মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ, যিনি অফসাইড অবস্থানে থেকে খেলায় বাধা সৃষ্টি করেছিলেন।
বিবৃতিতে প্রো রেফ জানিয়েছে, ‘এটা প্রমাণিত হয়েছে যে, এনজো ফের্নান্দেজ বল খেলেননি এবং সেই কারণে যেকোনো অফসাইড সিদ্ধান্তই বিষয়ভিত্তিক হতে পারে। তবে এক্ষেত্রে ভিএআর তার অবস্থানের সম্ভাব্য প্রভাব অনুমান করতে পারেনি। তাই এটি মাঠে পর্যালোচনার সুপারিশ করা উচিত ছিল।’









