ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর বস্তুকণার কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি দ্রুত নগরায়ণ ও উন্নয়ন কর্মকাণ্ডও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জনস্বাস্থ্যে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১২৯। এই মাত্রার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৯১ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
এ ছাড়া ১২১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ১১৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ বলা হয়।
স্কোর ১০১ থেকে ১৫০ হলে বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।









