এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রোগটির সর্বোচ্চ প্রকোপ শুরুর আগেই দেশব্যাপী প্রতিরোধমূলক অভিযান নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং রোগটির প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন।
অভিযানের মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।









