ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম থেকে অষ্ঠম স্থানের জন্য লড়াই করছে বাংলাদেশ। যেখানে স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মাহমুদ হাসানের দল। ৬-২ গোলে হেরে এখন সপ্তম হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে চাইনিজ তাইপের বিপক্ষে।
চীনের মকিতে ম্যাচের দ্বিতীয় মিনিটে জাপানকে লিড এনে দেন সেইয়া ইয়ামাডা। দ্বিতীয় কোয়ার্টারে ২৯ মিনিটে ব্যবধান দিগুণ করেন ইয়নোসুকে সনে। ৩০ মিনিটে তৃতীয় গোল করেন শোতা হানায়ামা।
তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটে রিনাত্র সাকাই গোল করলে ৫-০তে এগিয়ে যায় জাপান। ৪১ মিনিটে মোহাম্মদ মেহেদীর গোলে ব্যবধান কিছুটা কমে বাংলাদেশের। ৪৫ মিনিটে জাপানের হয়ে শেষ গোলটি করেন কেওয় তোয়া।
শেষ কোয়ার্টারে আর জালের দেখা পায়নি জাপান। তবে ব্যবধান আরও কিছুটা কমায় বাংলাদেশ। ৫০ মিনিটে মুন্না ইসলাম গোল করেন।
শনিবার চাইনিজ তাইপের বিপক্ষে সপ্তম স্থানের জন্য লড়বে বাংলাদেশ। হেরে যাওয়া দল অষ্ঠম হবে। একই দিনে চীনের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে জাপান। হেরে যাওয়া দল হবে ষষ্ঠ।









