এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে জাহাজে হামলা বাড়তে থাকায় এবং দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৪৫ ডলারে বিক্রি হচ্ছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝির পর এই প্রথম সপ্তাহের শেষভাগে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।
এর আগে বৃহস্পতিবারের লেনদেনে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ৬ শতাংশের বেশি বেড়েছিল। মধ্যপ্রাচ্যের নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাজারে নতুন করে মূল্যবৃদ্ধির চাপ তৈরি করছে।









