এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সম্মেলনে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের চিকিৎসাসেবায় কোর দুটির বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের প্রশংসা করেন।
তিনি সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধের সঙ্গে সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া ছাড়াও সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংশ্লিষ্ট কোরগুলোর অধিনায়ক ও কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা সম্মেলনে অংশ নেন।









