আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্ভাবনের সঙ্গে নীতি, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, মেলায় একশর বেশি ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নেবেন। তারা এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন।
এ ছাড়া দেশের ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এবং প্রধান প্রধান কর্পোরেট প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
মন্ত্রী বলেন, উদ্ভাবকদের নতুন ধারণা ও প্রযুক্তিকে নীতি নির্ধারণ, শিল্পখাত, বিনিয়োগ এবং বাজারের সঙ্গে যুক্ত করার মাধ্যমে দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।









