‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। ‘তিন দশকে শিকড়’ নামে আয়োজিত উৎসবে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আমন্ত্রিত শিল্পীরা অংশ নেবেন।

সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৯ নভেম্বর শাবিপ্রবিতে যাত্রা শুরু করে ‘শিকড়’। দীর্ঘ তিন দশকের পথচলায় সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চিত্রকলাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশেও সংগঠনটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৩০ বছর পূর্তির আয়োজনে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা একত্রিত হয়ে নিজেদের সাংস্কৃতিক পথচলার স্মৃতিচারণ ও উদযাপন করবেন। পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনাও থাকবে।
১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় কিট বিতরণের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সকাল ১০টায় হবে শোভাযাত্রা এবং ১১টায় কেক কাটার আয়োজন রয়েছে।
বিকেল ৪টায় রিপোর্টিংয়ের পর বিকেল ৫টায় শিকড়ের বর্তমান সদস্যদের পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় মঞ্চে উঠবেন সংগঠনটির সাবেক সদস্যরা। এরপর রাত ১০টায় থাকবে আড্ডা ও রাতের খাবার।
১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় আড্ডা ও খেলাধুলার আয়োজন রাখা হয়েছে। এতে রঙ খেলা, চ্যারেডস, চকলেট দৌড় ও পিলো পাসিংসহ বিভিন্ন কার্যক্রম থাকবে।
দুপুর ১টায় মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা। বিকেল ৫টায় ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা শুরু হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে মণিপুরী নৃত্য। সন্ধ্যা ৭টায় বাউল গোষ্ঠীর পরিবেশনা এবং রাত সাড়ে ৮টায় বিশেষ অতিথির পরিবেশনা দিয়ে শেষ হবে দুই দিনের আয়োজন।
আয়োজকরা জানান, ৩০ বছরের এই দীর্ঘ সাংস্কৃতিক যাত্রাকে স্মরণীয় করে তুলতেই উৎসবটির আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক সদস্য, সংস্কৃতিকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দুই দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে ‘শিকড়’।









