যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসের একটি সিনেট আসনকে কেন্দ্র করে ১০ মিলিয়ন ডলারের টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপন প্রচারের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠী ‘মাগা ইনক’।
শনিবার ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) জমা দেওয়া নথিতে এই ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের নামে গঠিত সুপার প্যাকটির পক্ষ থেকে সাধারণ নির্বাচনে এটিই প্রথম বড় ধরনের ব্যয়।
বিজ্ঞাপনগুলোর বড় অংশ ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোকে লক্ষ্য করে প্রচার করা হবে বলে ধারণা করা হচ্ছে। ৩৭ বছর বয়সী তালারিকো টেক্সাসের স্টেট রিপ্রেজেন্টেটিভ। সিনেট নির্বাচনে তিনি ট্রাম্প-সমর্থিত টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী।
১৯৯৩ সালের পর প্রথমবার টেক্সাসের একটি সিনেট আসন ডেমোক্র্যাটদের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও টেক্সাসে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের আধিপত্য থাকায় প্রতিদ্বন্দ্বিতাটি ডেমোক্র্যাটদের জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
প্যাক্সনকে ঘিরে রয়েছে একাধিক কেলেঙ্কারি। এমনকি তার বিরুদ্ধে রাজ্য পর্যায়ে অভিশংসন বিচারও হয়েছিল। এসব বিতর্কের পরও রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের সমর্থন নিয়ে বর্তমান সিনেটর জন কর্নিনকে পরাজিত করে দলের মনোনয়ন পান তিনি।
শনিবার এক বিবৃতিতে মাগা ইনকের মুখপাত্র অ্যালেক্স ফাইফার তালারিকোর করনীতির সমালোচনা করেন। তিনি বলেন, ‘উচ্চ করের তালারিকো টেক্সাসবাসীর পকেট থেকে অর্থ নিতে চান। তার উগ্র নীতির বিষয়ে টেক্সাসবাসীকে জানানো এবং কেন প্যাক্সটনকে সিনেটে নির্বাচিত করা উচিত, তা নিশ্চিত করবে মাগা ইনক।’
তালারিকোর প্রচার শিবিরের দাবি, তার বিরুদ্ধে মিথ্যা প্রচারে বাইরের বিপুল অর্থ ব্যবহার করা হচ্ছে। প্রচার শিবিরের মুখপাত্র জেটি এনিস বলেন, ‘কোটিপতিদের অর্থে পরিচালিত গোপন অর্থের গোষ্ঠীগুলো জেমস তালারিকোকে নিয়ে মিথ্যা বলছে। কারণ তারা রাজনৈতিক ব্যবস্থা সংস্কারে আমরা যে জনগণভিত্তিক আন্দোলন গড়ে তুলছি, তা নিয়ে ভয় পাচ্ছে।’
টেক্সাসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে ডেমোক্র্যাট প্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন দলটির নেতারা।
বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা। গুরুত্বপূর্ণ কয়েকটি আসন নিজেদের দখলে নিয়ে এই নিয়ন্ত্রণ ভাঙতে চায় ডেমোক্র্যাটরা।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ট্রাম্প। দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি দেশজুড়ে বিভিন্ন সমাবেশে অংশ নিচ্ছেন। গত মাসে দক্ষিণ ক্যারোলিনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ব্যালটে আছি, এমনটা ধরে নিন।’
মাগা ইনকের হাতে থাকা বিপুল অর্থ কীভাবে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ব্যয় করা হবে, তা নিয়েও আলোচনা চলছে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানান, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সহায়তায় মাগা ইনক থেকে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা রয়েছে তার।
মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের নির্বাচনী কৌশলে টেক্সাসও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত বছর ট্রাম্পের কর্মকর্তাদের চাপের পর টেক্সাসের আইনপ্রণেতারা কংগ্রেশনাল আসনের সীমানা পুনর্নির্ধারণ করেন। এতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের আরও পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
চলতি সপ্তাহে টেক্সাসের ডালাসে প্রথমবারের মতো আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। সম্মেলনের দুই রাতেই তিনি বক্তব্য দেবেন।









