বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কার্যক্রম করা যাবে না, তা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে ভিজিটর ভিসার আওতায় নিষিদ্ধ কয়েকটি কার্যক্রম তুলে ধরা হয়।
মার্কিন দূতাবাসের পোস্ট অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে নিচের কাজগুলো করা যাবে না:
বার্থ ট্যুরিজম: সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া।
পারিশ্রমিকের বিনিময়ে কাজ: যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বেতন বা পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা।
ডিগ্রির জন্য পড়াশোনা: ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা।
পারিশ্রমিক নিয়ে কাজ করা: ভিজিটর ভিসায় থেকে যেকোনো ধরনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিসা মূলত নির্দিষ্ট ভ্রমণ ও ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি অবস্থানের জন্য ব্যবহৃত হয়। তাই এই ভিসার শর্তের বাইরে গিয়ে কাজ বা পড়াশোনা করলে ভিসার নিয়ম লঙ্ঘনের বিষয়টি সামনে আসতে পারে।









