ফুটবলকে বিদায় জানানোর পর আলোচনার বাইরেই চলে গিয়েছিলেন সার্জিও আগুয়েরো। হঠাৎ এলেন শিরোনামে। আন্তর্জাতিক মাদক পাচার ও অর্থ পাচারের এক সংগঠনের বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ডের নামও।
আর্জেন্টিনার বিচার বিভাগের তদন্তে আগুয়েরোর নাম এসেছে। তদন্তের নথিপত্র থেকে জানা যায়, সন্দেহভাজন অপরাধী চক্রের সদস্যরা একটি বাণিজ্যিক উদ্যোগে ম্যানচেস্টার সিটির সাবেকের খ্যাতিকে কাজে লাগানোর চেষ্টা করেছিল।
যদিও বিচারক পাবলো ইয়াদারোলার তত্ত্বাবধানে পরিচালিত তদন্তে আগুয়েরোকে অভিযুক্ত করা হয়নি। আন্তর্জাতিকভাবে বিস্তৃত অপরাধী চক্রটি একটি টিকিট প্ল্যাটফর্ম প্রকল্পে সাবেক ফরোয়ার্ডের নাম জড়ানোর চেষ্টা করেছিল। এটি এখন আদালতের কঠোর আইনি পর্যালোচনার রয়েছে।
আইনশৃঙ্খলাবাহিনীর বাজেয়াপ্ত ফোন থেকে উদ্ধারকৃত বার্তা ও নথিপত্রে ক্রু টিকিটস ব্র্যান্ড চালুর বিষয়ে আলোচনার তথ্য পাওয়া গেছে। ব্র্যান্ডটি আগুয়েরোর প্রতিষ্ঠিত একটি ইস্পোর্টস প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল। প্রকল্পটির উন্নয়নের সময় ওই দলের সদস্যরা আগুয়েরোর নাম ও খ্যাতি ব্যবহার করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেছিল। তদন্তকারীরা সন্দেহ করছেন, দলটি বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক পাচার করত। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে রয়েছেন পিবট আলভারেজ, আটকের পর তিনি অনশন শুরু করে আলোচনায় ছিলেন।
মামলার নথিতে এমন সব ব্যক্তির মধ্যকার বার্তা অন্তর্ভুক্ত রয়েছে, যাদের তদন্তকারীরা সংগঠনের সাথে যুক্ত বলে মনে করছে। তাদের কিছু কার্যক্রম আর্জেন্টিনার আভেয়ানেদা শহরের রিকার্দো বোচিনি স্ট্রিটে ইন্ডিপেন্ডিয়েন্তে স্টেডিয়ামের কাছেই অবস্থিত। মামলার নথিতে থাকা এক বার্তায় অনুযায়ী, তারা শিগগিরই টিকেটিং প্ল্যাটফর্মটি নিয়ে আগুয়েরোর সাথে একটি চুক্তি সম্পন্ন করার আশা করেছিল।
এর কয়েক সপ্তাহ পরে, একাধিক কোম্পানির মাধ্যমে প্রকল্পটি পরিচালনার সম্ভাবনার বিষয়টি উঠে আসে। এরমধ্যে একটি কোম্পানিতে এমন এক ব্যক্তি যুক্ত ছিলেন, যাকে তদন্তকারীরা কথিত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করেছেন। আর অন্য কোম্পানিটি ছিল আগুয়েরোর সাথে সংশ্লিষ্ট প্রকল্পের লক্ষ্য নিয়ে গঠিত।
বাণিজ্যিক আলোচনা এগিয়ে নেয়ার উদ্দেশ্যে মেক্সিকো সফরের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল। সংগঠনের সদস্যের মধ্যস্থতাকারীদের থেকে জানা যায়, তারা ব্যক্তিগতভাবে আগুয়েরোর সাথে দেখা করেছেন এবং কথোপকথন অনুযায়ী চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তদন্তে উঠে আসে, সম্ভাব্য বিনিয়োগকারীদের থেকে প্রায় ১০,০০০ ইউরো সংগ্রহের প্রচেষ্টাও হয়েছে। নথিপত্র থেকে ইঙ্গিত পাওয়া যায়, সংগঠনের প্রধান সদস্যদের একজন নিজেই এই অর্থ জোগাড় করার চেষ্টা করছিলেন যাতে আগুয়েরোকে প্রকল্পের প্রাথমিক মূলধনে কোন অর্থ বিনিয়োগ করতে না হয়। সমস্ত ঘটনা এখনও বিচার বিভাগীয় তদন্তের আওতাধীন রয়েছে। তবে আদালতের কোথাও এমন কোন ইঙ্গিত আনেননি, যেখানে আগুয়েরোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।









