ভারতের কেরালার ত্রিশুর জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতরা পাশের রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তরুণদের বহনকারী গাড়িটি মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি লরিতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে গাড়ি থেকে নিহতদের বের করে আনেন। পরে মরদেহগুলো ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। নিহতরা ওই রাজ্যের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটি গুরুভায়ুর এলাকা থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।









